সংবাদ বিজ্ঞপ্তি; ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬:
দেশে অক্টোবর মাসজুড়ে পালিত হবে ১১তম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস। এ উপলক্ষে ২০২৬ সালের মাসব্যাপী প্রচারাভিযানের প্রতিপাদ্য ঘোষণা করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ/CCAF)। এবারের প্রতিপাদ্য ‘আপনার অসতর্কতা, অপরাধীদের সুযোগ’ (Your Carelessness, Their Opportunity)।
সিক্যাফের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে ব্যবহারকারীর সামান্য অসতর্কতাও সাইবার অপরাধীদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। তাই এবারের প্রচারণায় প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি নিরাপদ অনলাইন আচরণ ও ব্যক্তিগত সতর্কতার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সিক্যাফের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০১৬ সাল থেকে অক্টোবর মাসে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ন্যাশনাল সাইবারসিকিউরিটি অ্যালায়েন্সের (এনসিএ) অফিসিয়াল চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশে প্রতি বছর এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে সিক্যাফ। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এসব কর্মসূচিতে যুক্ত হয়ে থাকে। নিবন্ধনকারীদের ক্যাম্পেইনের টুলকিট সরবরাহ করা হয়, যা সংগঠনগুলোর কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হয়। অনলাইনে নিবন্ধন করা যাবে এই ঠিকানায়: https://shorturl.at/bq2Qw
অসতর্কতায় বাড়ে সাইবার ঝুঁকি:
অপরিচিত লিংকে ক্লিক করা, সন্দেহজনক বার্তার জবাব দেওয়া, অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা না রাখার মতো অসতর্কতা সাইবার অপরাধীদের সুযোগ করে দিতে পারে।
ফিশিং, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দখল, ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন কেনাকাটায় প্রতারণা, ভুয়া চাকরি বা বিনিয়োগের প্রস্তাব এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রতারণার মতো ঘটনায় ব্যবহারকারীর অসতর্কতাকে কাজে লাগানো হয়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, দুই স্তরের বা মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন (MFA) চালু, সফটওয়্যার নিয়মিত হালনাগাদ এবং সন্দেহজনক লিংক ও বার্তা যাচাই করার পরামর্শ দিয়ে আসছেন।
আন্তর্জাতিক প্রচারণার সঙ্গে মিল:
২০২৬ সালের আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের প্রচারণার প্রতিপাদ্য ‘Don’t Make It Easy for Them’। এর মূল বক্তব্য হলো, সাইবার অপরাধীদের জন্য অনলাইন অপরাধ সংঘটনকে সহজ করে না দেওয়া। বাংলাদেশের ঘোষিত ‘আপনার অসতর্কতা, অপরাধীদের সুযোগ’ প্রতিপাদ্যেও ব্যবহারকারীর আচরণ ও সচেতনতার ওপর একইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
২০১৬ সাল থেকে কার্যক্রম:
বাংলাদেশে ২০১৬ সাল থেকে অক্টোবর মাসকে কেন্দ্র করে সাইবার নিরাপত্তা সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতিপূর্বে বিভিন্ন বছর সেমিনার, আলোচনা সভা, কর্মশালা, ওয়েবিনার, বিতর্ক, কুইজ ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণার আয়োজন করা হয়েছে। এসব কার্যক্রমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নারী, শিশু, তরুণ ও সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের সম্পৃক্ত করা হয়েছে। প্রতি বছর শত শত সংগঠন ও প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়।
সিক্যাফের লক্ষ্য, সাইবার নিরাপত্তাকে শুধু অক্টোবর মাসের সচেতনতামূলক কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে মানুষের দৈনন্দিন অনলাইন অভ্যাসের অংশ করে তোলা।











